২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকণ্ঠ সম্পাদকের প্রতারণা মামলার রায় ১৭ অক্টোবর

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় দেওয়া হবে ১৭ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় দেওয়া হবে ১৭ অক্টোবর। আতিকউল্লাহ মাসুদ এখন কারাগারে আছেন। সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. শাহ আলম সরদার মামলার রায় ঘোষণার তারিখ দেন। এ মামলার অপর অভিযুক্ত গ্লোব কনস্ট্রাকশন লিমিটেডের মহাব্যবস্থাপক আশরাফুল হক মামলা হওয়ার পর থেকেই পলাতক। মামলার অভিযোগে বলা হয়, মালিবাগ চৌধুরী পাড়ার গৃহবধূ রেবেকা মাহমুদা ২০০৩ সালে গ্লোব কনস্ট্রাকশনের নির্মাণাধীন ফ্ল্যাট কেনার জন্য আবেদন করেন। ঐ ফ্ল্যাটের দাম ছিল ১৯ লাখ ৫৫ হাজার দুশ টাকা। রেবেকা কিস্তি ছাড়া এককালীন টাকা পরিশোধ করায় অর্ধেক ছাড় পান। সে হিসাবে ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় ৯ লাখ ৭৭ হাজার ৬শ টাকায়। রেবেকা চারটি চেকের মাধ্যমে টাকা পরিশোধ করলেও আসামিরা ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে পুরো টাকা আত্মসাত করেন। এ ঘটনায় রেবেকা মাহমুদা চলতি বছরের ১৮ এপ্রিল রমনা থানায় আতিকউল্লাহ খান মাসুদসহ দুইজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। রমনা থানায় উপ-পরিদর্শক গোলাম মাহফুজুর রহমান ১৭ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোপত্র দেন। মামলার বিচারের সময় রাষ্ট্রপক্ষে ১১ জনের মধ্যে চার জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলাটি এরই মধ্যে জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে রমনা থানায় এই মামলা ছাড়াও ১১টি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/জিএনএ/১৭৩৩ ঘ.