ঢাকা, অক্টোবর ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপ মোকাবেলায় প্রতিবারের মতোই ফিটনেস সার্টিফিকেট ও রুটপারমিটবিহীন গাড়ি নামানোর পাঁয়তারা করছে বাস মালিকরা।
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতি বছর ঈদের আগে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে বাস এনে রাজধানী থেকে ছাড়া হতো। এবারও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চলমান জরুরি অবস্থা এবং যৌথবাহিনীর কড়াকড়ির কারণে বাস মালিকরা কিছুটা দ্বিধার মধ্যে রয়েছে। বিআরটিএর মিরপুরের অফিসে গাড়ির ফিটনেস নেওয়ার জন্য বাস কোম্পানীর মালিকরা তদবির শুরু করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক
বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান জি এম সিরাজ সোমবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে বিভিন্ন জেলা থেকে গাড়ি আসতো। এবার গাড়ির সংখ্যা কম। যাত্রীদের চাপ বেশি। সামলাতে পারছি না। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। ঈদের পর ফিরতি ট্রিপ হিসাবে জেলা পর্যায়ের গাড়িগুলো ব্যবহার করা হতে পারে। প্রশাসন থেকে অতিরিক্ত গাড়ির রুট পারমিট দেওয়ার কথা বলা হয়েছিল। সময় সঙ্কটের কারণে এটা এখন সম্ভব না। তবে অনেক বাস মালিক ব্যক্তিগতভাবে রুটপারমিটের জন্য চেষ্টা করছেন।
বিআরটিএর চেয়ারম্যান আবু বকর মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সোমবার টেলিফোনে বলেন, বাস টার্মিনালগুলোর পর্যবেক্ষণ করা হচ্ছে। যৌথবাহিনীর টিম কাজ করছে। বিআরটিএর নিজস্ব টিম রয়েছে। এবার এটা সম্ভব না। আমরা বাস মালিকদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে তারা আশ্বাস দিয়েছেন সবকিছু নিয়মের মধ্যেই হবে।
রাজধানীর বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনালগুলোতে কথা বলে জানা গেছে, অন্য সময় ঈদের আগে যে সংখ্যক বাস ছেড়ে যেতো এবার তার সংখ্যা অনেক কমে গেছে। রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার হাজার বাস ছেড়ে যায়। ঈদের সময় অতিরিক্ত যাত্রীর চাপ এসব বাস দিয়ে পরিবহন করা সম্ভব না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরো দুই তিন হাজার বাস রাজধানীর বাইরে থেকে এনে যুক্ত করা হতো।
বাসগুলো সাধারণত টার্মিনালের ভিতরে না ঢুকিয়ে বাইরে রাস্তার ওপর থেকে ছাড়া হয়। রাস্তার ওপর থেকেই যাত্রীদের বাসে তোলা হয়। এ নিয়ে যাত্রীদের সঙ্গে হেলপারদের অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। তৈরি হয় তীব্র যানজটের। সরকার বঞ্চিত হয় রাজস্ব থেকে। ঈদের দুই তিনদিন আগে থেকে মহাখালী, আমিনবাজার, কমলাপুরের টিটিপাড়া থেকে ছাড়ে এসব গাড়ি। সাধারণত অদক্ষ চালক ও হেলপার দিয়ে সেগুলো চালানো হয়। এসব কারণেই ঈদের আগে আগে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। বড় বড় বেশ কয়েকটি পরিবহন কোম্পানী এবং পরিবহন নেতা এ সঙ্গে জড়িত।
বিআরটিএ সূত্রে জানা গেছে, এ বাসগুলোর বেশিরভাগই ঢাকার আশপাশের জেলা ও ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচল করে। বেশ কয়েকটি কোম্পানী আছে যাদের বাস দূরপাল্লা ও স্বল্পপাল্লার রুটে চলাচল করে। এছাড়া ঢাকা থেকে গাজিপুর, টঙ্গি, ইপিজেডসহ বিভিন্ন রুটে চলাচলকারী গাড়িগুলো দূরপাল্লার রুটের বাস হিসাবে চালানো হয়।
এদিকে বরাবরের মতো এবারও টিকিট সংকট অব্যাহত রয়েছে। অনেকেই বাড়ি ফেরার টিকিট সংগ্রহ করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরছেন। বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে টিকিট শেষ।
বিআরটিএর পরিচালক(প্রকৌশল) হুমায়ুন রশিদ খলিফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা হয় আমরা শুনেছি। তবে রাস্তায় আমরা কিছু করতে পারি না। আনুষ্ঠানিকভাবে কেউ কখনও অভিযোগ করেনি। এমনকি আমরা শুনেছি ঈদের সময় ট্রাকে চড়েও অনেকে বাড়ি যায়। বাস টার্মিনালগুলোতে আমাদের ভিজিল্যান্স টিম কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন বাস মালিক জানান, অন্যান্য সময় রাজধানী থেকে তাদের ২৫টি বাস বিভিন্ন রুটে যায়। ঈদের সময় এ সংখ্যা ৪০ এর বেশি হয়। বাকী বাসগুলো বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে আনা হয়। বছরের পর বছর ধরে এটা চললেও সরকারি সংস্থা কোন উদ্যোগ না নেওয়ায় এটি নিয়মে পরিণত হয়েছিল।
এবার সরকারি সংস্থাগুলোর তদারকির কারণে এ ধরনের ঘটনা কম ঘটলেও বাস মালিকরা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন। যাত্রীদের চাপ আরো বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো তারা বাস গুলো রাস্তায় নামিয়ে দিবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৪৩০ঘ.
bdnews24