ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সোমবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এদিকে পাবনায় নসিমনের ধাক্কায় মারা গেছেন এক শ্রমিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, কালিহাতির মীরহামজানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার বেলা ১২টার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী দুই নারী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
যমুনা সেতু (পূর্ব) থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি বগুড়ার সারিয়াকান্দি থেকে ঢাকা যাচ্ছিল।
সংঘর্ষে ট্রাকটির খুব একটা ক্ষতি হয়নি জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।"
খলিলুর রহমান জানান, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম গেদী (৭০), স্বামীর নাম আরজু ফকির, বাড়ি বগুড়ার সারিয়াকান্দি। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫।
আহত সাত বাসযাত্রীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ঈশ্বরদী সড়কের মালিগাছা এলাকায় সোমবার সকাল ১০টার দিকে নসিমনের ধাক্কায় নির্মাণ শ্রমিক ইজিবর রহমান (৩৮) নিহত হন।
সদর থানা পুলিশ জানায়, ইজিবরের বাড়ি সদর উপজেলার নওদাপাড়া গ্রামে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৩ ঘ.
bdnews24