২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্র বিক্ষোভের মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় গত ২২ আগস্ট ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 07:19 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

পাবনা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় গত ২২ আগস্ট ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মুজাফফর হোসেন সোমবার পাবনার ১ নম্বর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে যাদের অভিযুক্ত করা হয়েছে, তারা হলেন আওয়ামী লীগের পৌর কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন তুফান, ছাত্রলীগকর্মী মাসুদ হায়দার রনি, শফিকুল হাসান, তানভির ফয়সাল রিয়াদ, সোলেমান, জিন্না, সাইদুল জামান রাজিব, শামীম, তুহিন, মাহাবুবুল হাসান, সাগর ও মুক্তার হোসেন। এদের মধ্যে তুফান, রিয়াদ ও রনি গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। পুলিশ কর্মকর্তা মুজাফফর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে গত ২২ আগস্ট এডওয়ার্ড কলেজের ছাত্ররা স্থানীয় নেতাদের উস্কানিতে জরুরি বিধিমালা লঙ্ঘন করে কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল, ব্যাপক ভাংচুর এবং স্কয়ারের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।" ওই ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মো. বদরুদ্দোজা বাদি হয়ে জরুরি বিধিমালায় গত ২৩ আগস্ট মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৯ ঘ.