সাভার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের তৈরি পোশাক কারাখানা ফ্যাশন টয়েজ এর শ্রমিকদের বকেয়া বেতনের একাংশ পরিশোধের আশ্বাস দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ।
চার মাসের বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার ওই পোশাক কারখানার ১৪৫ জন শ্রমিক আন্দোলন শুরু করে। পরে সাভার থানা পুলিশের আশ্বাসে তারা শান্ত হয়। কিন্তু পুলিশ পরদিন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের পাওনা টাকা দিতে ব্যর্থ হয়। থানা থেকে এ ব্যাপারে বিজিএমইএ এর সঙ্গে যোগাযোগ করা হলে সমিতির সিনিয়র নির্বাহী (লেবার) আবুল হোসেন রোববার কারাখানায় গিয়ে শ্রমিকদের ২ লাখ টাকা পরিশোধের আশ্বাস দেন।
আবুল হোসেন বেলা ১২টার দিকে ফ্যাশন টয়েজের পৌঁছে শ্রমিক নেতাদের বলেন, "আমরা কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি; কিন্তু তাদের পাওয়া যায়নি। এ কারণে বিজিএমইএ ১৪৫ জন শ্রমিককে মোট ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
এসময় শ্রমিকরা বিজিএমইএর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। তারা বলেন, ৩ লাখ টাকা হলে ১৪৫ জন শ্রমিকের ১ মাসের পুরো বেতনের সমপরিমাণ টাকা হয়ে যায়।
আবুল হোসেন জানান, আগমী ১১ অক্টোবর শ্রমিকদের ২ লাখ টাকা পরিশোধ করা হবে। তবে তাদের দাবি অনুযায়ী বাকি টাকার জন্য তিনি বিজিএমইএতে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফরিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শ্রমিকদের আশ্বাস দিয়েছিলাম ব্যবস্থা করব। কথা রেখেছি। বিজিএমইএর মাধ্যমে বেতনের ব্যবস্থা করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৫২ ঘ.
bdnews24