বরিশাল, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে পিস্তল ও শটগানের গুলি রাখার দায়ে দুই যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. মতিয়ার রহমান রোববার দুপুরে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, গৌরনদী উপজেলার বার্থী গ্রামের রুবেল ইসলাম (২০) ও নগরীর পুরাতন কয়লাঘাট এলাকার পপি টেইলার্স এর মালিক জাকির বিশ্বাস। এর মধ্যে জাকির বিশ্বাস পলাতক।
সরকার পক্ষের আইনজীবী এপিপি সালাহউদ্দিন শিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালের ১৯ জুন র্যাব-৬ এর সহকারী পরিচালক মো. শহীদুল হক নগরীর সোনালী আইসক্রিম মোড় থেকে রুবেলকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা নগরীর পুরাতন কয়লাঘাট এলাকার পপি টেইলার্সে অভিযান চালিয়ে পিস্তলের ৪ রাউন্ড এবং শটগানের ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
অ্যাডভোকেট সালাহউদ্দিন জানান, ঘটনার পরদিন র্যাব-৬ এর সহকারী পরিচালক মো.শহীদুল হক বাদি হয়ে রুবেলকে আসামি করে কোতয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন ওই বছরের ৫ জুলাই জাকির বিশ্বাস, রুবেল ইসলাম, বাবুল চন্দ্র ও সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে রুবেল ও জাকিরের বিরুদ্ধে এ রায় দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮২২ ঘ.
bdnews24