কুড়িগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উলিপুর উপজেলায় পাণ্ডুল ইউনিয়নের কয়েকটি গ্রামে গবাদিপশুর ক্ষুরা রোগ দেখা দিয়েছে। গত তিন সপ্তাহে এসব গ্রামে ২৩টি গরু মারা গেছে। কিন্তু রোগ চিকিৎসায় প্রয়োজনীয় পরিমাণ ওষুধ বা টিকা পাওয়া যাচ্ছে না।
এলাকায় গিয়ে জানা যায়, গত তিন সপ্তাহে নয়াবন্দর গ্রামে তিনটি, ইসলামবাড়ীতে চারটি, জোলাপাড়ায় একটি, তোলিপাড়ায় একটি, আপুয়াখাতায় ১২টি, পান্ডলে একটি, ঝাড়ভাঙা গ্রামে একটি গরু ক্ষুুরা রোগে মারা গেছে।
ঝাড়ভাঙা গ্রামের আবু ছায়ের (৪৮) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার চারটি গরু ক্ষুরারোগে আক্রান্ত। তিনি গাছ-লতা-পাতা দিয়ে তৈরি ওষুধ ব্যবহার করছেন। একই গ্রামের আব্দুল মতিনের তিনটি গরুর মধ্যে একটি মারা গেছে। অন্য দুটিও আক্রান্ত।
পান্ডুল গ্রামের লিটন জানান, তার একটি গরু মারা গেছে। আরো আটটি গরু আক্রান্ত। গ্রামের পশু চিকিৎসক চিকিৎসা করলেও মৃত্যু ঠেকানো যাচ্ছে না।
পান্ডুল ইউনিয়ন কৃত্রিম প্রজনন কেন্দ্রের চিকিৎসক গোলাম রহমান জানান, কয়েকটি গ্রামে ক্ষুরা রোগ ছড়িয়ে পড়েছে। তবে তার হাতে প্রয়োজনীয় ওষুধ বা টিকা নেই।
পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, কিছুদিন আগে তার এলাকায় ফিয়ের বিনিময়ে ৩২টি গরুকে ক্ষুরা রোগের টিকা ও ১০০টি গরুকে তড়কা রোগের টিকা দেয়া হয়। এটা প্রয়োজনের তুলনায় কম বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. শফিউজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পান্ডুল ইউনিয়নে ক্ষুরা রোগের প্রাদুর্ভাবের কথা এখনো শুনিনি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।"
কোনো কোনো উপজেলায় টিকা নেই স্বীকার করে তিনি আরো বলেন, "এ জেলার জন্য ৫০ হাজার এফএমডি'র (ক্ষুরা রোগের টিকা) চাহিদার বিপরীতে ৪ হাজার একশ টিকা বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা পর্যায়ে মজুদ সীমিত।"
বরাদ্দ করা টিকা অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গত এলাকায় বিতরণ করা হয় বলে পশুসম্পদ কর্মকর্তা জানান।
পান্ডুল ইউনিয়ন বন্যা দুর্গত এলাকার মধ্যে না পড়ায় প্রয়োজনীয় টিকা পায়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পশুসম্পদ দপ্তরের এক কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমআই/১৪২৬ ঘ.
bdnews24