ঝিনাইদহ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ মসিউর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি সুবোধ কুণ্ডু হত্যার ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।
সদর থানার উপ-পরিদর্শক মখলিছুর রহমান বাদি হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসিউর রহমানের বড় ভাই মঙ্গল বিশ্বাসসহ সাত জনকে হরিণাকুণ্ড উপজেলার কন্যাদহ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিকাদার সুবোধ কুণ্ডুর পরিবার মামলা করতে সাহস না পাওয়ায় পুলিশ মামলার বাদি হয়েছে বলে থানা সূত্র জানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সুবোধ হত্যাকাণ্ডের আগে-পিছের ঘটনাগুলো খতিয়ে দেখছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৫০ লাখ ৮৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে সুবোধ কুণ্ডু সাবেক সাংসদসহ জেলা বিএনপির নয় নেতার বিরুদ্ধে মামলা করেন। এ পথ ধরে আরো অনেকে মসিউর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ প্রেক্ষাপটে আর কেউ যেন মামলা করতে সাহস না পায় সে জন্য সুবোধ কুণ্ডুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
এজাহারে মসিউর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের ক্যাসল ব্রিজের কাছে সন্ত্রাসীরা সুবোধ কুণ্ডুকে গুলি চালিয়ে হত্যা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24