২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার 'কার্টুন' বিরোধী মিছিল

ধর্ম অবমাননাকারী বলে কথিত কার্টুন প্রকাশের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ প্রদর্শন করেছে তিনটি ইসলামী সংগঠন। এনিয়ে টানা তিন শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ প্রদর্শন করলো ইসলামী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 09:04 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ধর্ম অবমাননাকারী বলে কথিত কার্টুন প্রকাশের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ প্রদর্শন করেছে তিনটি ইসলামী সংগঠন। এনিয়ে টানা তিন শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ প্রদর্শন করলো ইসলামী সংগঠনগুলো। শুক্রবার জুমার নামাজের পর বেলা দেড়টার দিকে রাস্তায় নেমে মিছিল শুরু করে তিনটি সংগঠনের সব মিলিয়ে একশ' মানুষ। এই তিনটি সংগঠন হলো ইসলামী ছাত্র মজলিস, আল কুদস বাংলাদেশ কমিটি ও খেলাফত যুব আন্দোলন। এর মধ্যে আল কুদস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায়। তাদের মিছিল থেকে 'হাতে হাতে অস্ত্র ধর-বায়তুল মোকাদ্দেস মুক্ত কর' স্লোগান দেওয়া হয়। পতাকায় অগ্নিসংযোগের সময় কয়েকজন বাঁশের মাথায় অগ্নিসংযোগকৃত পতাকা নিয়ে রাস্তায় জোরে জোরে আঘাত করতে থাকলে এক টুকরো আগুন ছিটকে একজন কর্মীর পাঞ্জাবীর পেছনে আগুন ধরে যায়। অবশ্য সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়। ইসলামী ছাত্র মজলিসের কর্মীরা দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেয় এবং কয়েক কপি প্রথম আলো জুতো দিয়ে মাড়ায়। তারা উত্তরগেট থেকে একটি মিছিল নিয়ে পল্টন মোড় থেকে ঘুরে আবার উত্তর গেটে এসে কর্মসূচি শেষ করে। একইভাবে বাকী দুটো সংগঠনও উত্তরগেট থেকে পল্টন মোড় হয়ে আবারও উত্তর গেটে এসে কর্মসূচি শেষ করে। জরুরি অবস্থার ভেতরে শুক্রবারও জুমার নামাজ শেষে কয়েকশ লোক বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে। মিছিল থেকে দৈনিক প্রথম আলো নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএ/১৪৫০ঘ.