ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মো. কামাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
কামাল মোহাম্মদপুরের ২০ নং কাটাসূর, পালবাড়ির আবুল হাশেমের ছেলে। সে জার্মান টেকনিক্যাল নামে একটি টিভি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, রাত সাড়ে ১১ টার দিকে কাটাসূর তিন নম্বর গলিতে কয়েকজন সন্ত্রাসী কামালকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার মাথায় ও বুকে দুটি লাগে। খবর পেয়ে বাবা আবুল হাশেম এবং জ্ঞাতিভাই আব্দুল জব্বার কামালকে উদ্ধার করে রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা আবুল হাশেম হত্যার কারণ বা হামলাকারীদের সম্পর্কে কিছু বলতে পারেননি।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে আছে।
উপ-পরিদর্শক আবু জাফর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১২৯ ঘ.
bdnews24