২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইবার অপটিক লাইন কাটার অভিযোগে গ্রেপ্তার ৩

সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত বিটিটিবির ফাইবার অপটিক লাইন কাটার অভিযোগে বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়ায় এ কেবল কেটে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম/কক্সবাজার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত বিটিটিবির ফাইবার অপটিক লাইন কাটার অভিযোগে বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়ায় এ কেবল কেটে ফেলা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সাব্বির আহমেদ (৩৮), আহমদ হোসেন (৩৫) ও মাহবুবুল হক (২১)। এদের সবার বাড়ি চকরিয়ার উত্তর হারবাং গ্রামে। চকরিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আকলিমা আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ তিনজনকে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে হেক্সো ব্লেড, কাটা পাইপ ও কিছু তার উদ্ধার করা হয়েছে। একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সিদ্দীকী জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা কেবল কাটার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, রাস্তার পাশের পাইপ ও টিএন্ডটির তার চুরি করার সঙ্গে সাত-আট জনের একটি চক্র দীর্ঘদিন ধরে জড়িত। এসব তার ও পাইপ কেটে পরে তারা স্ক্র্যাপ মালামাল হিসেবে বিক্রি করে। চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান রুহুল আমিন। এ বিষয়ে চকরিয়া থানার উপ পরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর হারবাং এলাকার কাছে ইছাছড়ি সেতুর গোড়ার সিসি ঢালাই ভেঙে আনুমানিক ৪ ইঞ্চি ডায়া ও ২০ ইঞ্চি লম্বা অপটিক্যাল ফাইবার কেবল ও জি আই পাইপ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর প্রায় সাড়ে চার ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাত প্রায় ৩টার দিকে সংযোগ সাময়িকভাবে চালু করতে সমর্থ হয় টিঅ্যান্ডটি। এর আগে গত আগস্টে বিটিটিবির ফাইবার অপটিক লাইন দুই বার কাটা পাড়ায় মোট ২৯ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এফআই/টিএইচ/এসএনডি/১৮০৪ ঘ.