২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করছে সরকার

ঈদের আগে কিংবা পরে তৈরি পোশাক কারখানাগুলোতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করছে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন একথা জানিয়ে বলেছেন, 'দেশীয় কিছু কুচক্রি লোক' তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 09:18 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদের আগে কিংবা পরে তৈরি পোশাক কারখানাগুলোতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করছে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন একথা জানিয়ে বলেছেন, 'দেশীয় কিছু কুচক্রি লোক' তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কমিটির সভাপতি আইন উপদেষ্টা মইনুল হোসেন সাংবাদিকদের এ আশংকার কথা জানান। উপদেষ্টা বলেন, "সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংকট ব্যবস্থাপনা সেলের মনিটরিং কমিটিকে পর্যবেক্ষণ জোরদারের পরামর্শ এবং বিজিএমইএ ও বিকেএমইএ কে অনুরোধ করা হয়েছে।" মইনুল হোসেন আরও বলেন, "বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে সরকার তথ্য পেয়েছে যে, দেশীয় কিছু কুচক্রি লোক দেশের গুরুত্বপূর্ণ এ শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা গার্মেন্টস কর্মীদের নানা অজুহাতে ইন্ধন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষতি করার চেষ্টা করছে।" এই চক্রের পেছনে কোন বিদেশি শক্তি আছে কিনা প্রশ্ন করা হলে মইনুল হোসেন বলেন, এ ধরনের কিছু লোককে চিহ্নিত করা হয়েছে। তবে এদের পেছনে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে কিনা তা বলা যাচ্ছেনা। তিনি বলেন, দেশের অর্থনীতিতে এমনিতেই নাজুক অবস্থা চলছে। দেশে একটা বড় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সময় সকলকেই দেশপ্রেমিক এবং দায়িত্বশীল হতে হবে। এই নাজুক পরিস্থিতির সুযোগ যাতে কেউ না নিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আইন উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মলম পার্টি এবং অজ্ঞান পার্টির তৎপরতা সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, এই পার্টির সদস্যদের গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে মামলা জরুরি ক্ষমতা অধ্যাদেশে নেওয়া যায় কিনা এ ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে । স্বরাষ্ট্র সচিব আবদুল করিম জানান, ঢাকার চানখারপুল এলাকার যক্ষা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট এবং মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার গণপূর্ত বিভাগের জমিতে গড়ে উঠা বস্তি উচ্ছেদের ব্যাপারেও সভায় আলোচনা হয়েছে। বস্তি উচ্ছেদ করে সেখানে কি ধরনের স্থাপনা গড়ে তোলা যায় এ ব্যাপারে সংশ্লিষ্টদেরকে আগামি সভায় প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র সচিব জানান । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৪৪৯ঘ.