ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগরীর উত্তরা থানার সেকেন্ড অফিসার ও উপ-পুলিশ পরিদর্শক আজহার আলীকে মঙ্গলবার রাতে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
একই ঘটনায় মো. আলাউদ্দিন নামে অপর এক সহকারি উপ-পরিদর্শককে আটক করা হয়েছে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে উত্তরা তিন নম্বর সেক্টরের একটি জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় একটি মামলা হয়। উপ-পরিদর্শক আজহার আলী সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ওই মামলার আসামিদের কাছ থেকে ঘুষ দাবি করেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থানা এলাকার একটি রেস্টুরেন্টে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হায়দার আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান নজরুল ইসলাম।
এদিকে হায়দার আলী বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একই ঘটনায় মো. আলাউদ্দিন নামে এক সহকারি উপ-পরিদর্শককেও আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে উত্তরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২০৩৮ঘ.
bdnews24