২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বাড়ি বিক্রির মামলায় ৯ আসামির সম্পত্তি জব্দ

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদসহ নয় জনের অস্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশ। তবে তেমন কোন মালামাল পাওয়া যায়নি। এক বাসায় পাওয়া গেছে শুধু দুটি কাপড়ের পুটলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদসহ নয় জনের অস্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশ। তবে তেমন কোন মালামাল পাওয়া যায়নি। এক বাসায় পাওয়া গেছে শুধু দুটি কাপড়ের পুটলি। বাকি আট জনের মধ্যে আছেন, আনটেক্স গ্র"প অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হাসনা আহাম্মদ, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম), রাজউকের সাবেক প্রকৌশলী এমদাদুল ইসলাম, এমঅ্যান্ডএন কোম্পানির চেয়ারম্যান নিউ জে মেন্ডেস, এডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, গণপূর্ত ও রক্ষণাবেক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহম্মদ, মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ ও রাজউকের সাবেক সচিব মীর মোশারফ হোসেন। আদালত এ মামলার পলাতক ১০ আসামির সম্পত্তি জব্দের আদেশ দিলেও এক আসামি, সাবেক সাংসদ কাজী আনোয়ার হোসেনের মালামাল জব্দ করা হয়নি। গুলশান থানার উপ-পরিদর্শক মইনুল আহসান জানান, তার সম্পত্তি জব্দের পরোয়ানা আদালত পরে স্থগিত করেছে। বুধবার গুলশান থানার উপ-পরিদর্শক কবির সাবেক সাংসদ শফিকুর রহমানের কিরণের বনানীর ২১ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান 'ম্যাটকো'র মালামাল জব্দ করেন। তিনি জানান, সেখানে চেয়ার-টেবিল ও কিছু অফিস উপকরণ পাওয়া গেছে। গুলশান থানার আরেক উপ-পরিদর্শক মনোয়ার হোসেন সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর গুলশান- ২ এর ৬৬ নম্বর সড়কের ১৬ নম্বর বাসাটি সিলগালা করে দেন। তিনি জানান, এ বাসায় কোনো মালামাল ছিল না। তাই সিলগালা করে দেওয়া হয়েছে। একই থানার উপ-পরিদর্শক মইনুল হোসেন রাজউকের সাবেক সচিব মীর মোশাররফ হোসেনের গুলশান- ২ এর ৪ নম্বর সড়কের ৩৬ নম্বর প্লটের এফ- ২০১ ফ্ল্যাটটির মালামাল জব্দ করতে যান। তিনি জানান, ওই ফ্ল্যাট থেকে খাট, ফ্রিজ, সোফা, ডাইনিং টেবিল, টিভিসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। একই থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, তিনি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দীন আহমেদের গুলশান ২ এর ১১২ নম্বর সড়কের ২২ নম্বর (সরকারি বাসা) বাসার মালামাল জব্দ করেন। এ বাসা থেকে শুধু দুটি কাপড়ের পুটলি পাওয়া গেছে। এমঅ্যান্ডএন কোম্পানির চেয়ারম্যান নিউ জে মেন্ডেস এর বারিধারার ৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার মালামাল জব্দ করেন গুলশান থানার উপ-পরিদর্শক হেলালউদ্দীন। গুলশান থানার উপ-পরিদর্শক শহীদুল্লাহ রাজউকের প্রকৌশলী এমদাদুল ইসলাম গুলশান ১ এর ১৭ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির মালামাল জব্দ করেন। গুলশান থানার আরেক উপ-পরিদর্শক মইনুল আহসান বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের গুলশান ২ এর ৮৮ নম্বর সড়কের ১ নম্বর বাসায় গিয়ে জব্দের নোটিশ দিয়ে আসেন। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহ আলমের বাসার মালামাল জব্দ করা হয়। আনটেক্স গ্র"প অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হাসনা আহাম্মদ এর বারিধারার ১২ নম্বর সড়কের ১১ নম্বর বাসার মালামাল জব্দ করেন গুলশান থানার উপ-পরিদর্শক মইনুল আহসান। তিনি জানান, এ বাড়িতে চেয়ার-টেবিলসহ অল্প কিছু মালামাল পাওয়া গেছে। এছাড়া, অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের বারিধারার এ ব্লকের ১ নম্বর সড়কের ২৪ নম্বর প্লটের এ- ৬ এপার্টমেন্টটি সিলগালা করে দেন গুলশান থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন। গত ২৯ মার্চ মতিঝিল থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিউল আলম মামলাটি দায়ের করেন। এর অভিযোগে বলা হয়, মির্জা আব্বাসসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ও বর্তমান কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ধানমন্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি সাজানো দরপত্রে বিক্রি করেছেন। প্রকৃত বাজার দরের চেয়ে অস্বাভাবিক কম দামে এসব বাড়ি বিক্রি করা হয়। তাদের এ দুর্নীতির ফলে রাষ্ট্রের মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি হয়েছে। মামলার তদন্ত শেষে গত ২০ সেপ্টেম্বর দাখিল করা ১৫টি অভিযোগপত্রে মোট ২৫ জনকে আসামি করা হয়। এদের মধ্যে কারাগারে আটক সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও রাজউকের সাবেক পরিচালক (অর্থ) হুমায়ুন খান ছাড়া বাকি ২৩ আসামির বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ১ অক্টোবর এই মামলার পলাতক ১০ আসামির গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ। প্রতিবেদন গ্রহণের পর বিচারক তাদের অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন। একই দিন আদালতে আত্মসমর্পণকারী দুজন সচিব, একজন সাবেক সচিব ও রাজউকের এক কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়। বাকি ৯আসামির গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বৃহস্পতিবার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১০৮ ঘ.