চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় গাড়ি কেনায় দুর্নীতির মামলায় জামায়াত ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকে আগামী ৯ অক্টোবর আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মজনুল আহসান এ নির্দেশ দেন। একই আদালত দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলীসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলা জরুরি বিধিমালার আওতায় বিচারের নির্দেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি জহিরুল হক জানান, আগামী ৯ অক্টোবর শাহজাহান চৌধুরীর দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। সে দিন দুই আসামিকে আদালতে হাজির হতে বিচারক নির্দেশ দিয়েছেন। হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।
গাড়ি কেনায় অনিয়মের অভিযোগে চলতি বছরের ১ জুলাই দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে বন্দর থানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন।
সে মামলায় গত ১ অক্টোবর অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। তাতে অনিয়মের মাধ্যমে গাড়ি কেনার জন্য শাহজাহান চৌধুরী এবং তাতে সহযোগিতার জন্য ফয়সাল মোরশেদ খানকে অভিযুক্ত করা হয়।
এদিকে বিচারক মজনুল আহসান ওয়াসার দুর্নীতির মামলায় পলাতক দুই আসামি চট্টগ্রাম ওয়াসার উপ বিভাগীয় প্রকৌশলী আবু তাহের এবং ঠিকাদার ফারুক আহমেদকে আগামী ১১ অক্টোবর আদালতে হাজির হবার নির্দেশ দেন। তারা সেদিন আদালতে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই অভিযোগপত্র গঠনের শুনানি শুরু হবে।
অ্যাডভোকেট জহিরুল হক জানান, দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার মামলাটি জরুরি বিধিমালার আওতায় বিচারের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। আদালত তা অনুমোদন করেন।
এ মামলায় গত ২৬ অক্টোবর র্যাব সদস্যরা চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, সহকারী প্রকৌশলী এ কে এম আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে আছেন।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ মঙ্গলবার মামলার আসামি চার প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।
২০০০ সালে নগরীর পাচঁলাইশ বালিকা বিদ্যালয় থেকে তক্তার পুল পর্যন্ত পিভিসি পাইপ লাইন বসানোর ঘটনায় দুর্নীতি করে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৪ এর ১৭ জুন কোতোয়ালী থানায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করে।
২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯১৭ ঘ.
bdnews24