২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গোপন নথি জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে

দুর্নীতিরোধ, হয়রানি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ বছর থেকে সরকারের অধিকাংশ গোপন নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্পর্শকাতর ও রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত তথ্য ও নথিপত্র প্রকাশ করা হবে না। এই উদ্যোগের মধ্য দিয়ে সরকারের গোপনীয়তা আইন (অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) কার্যত শিথিল করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিরোধ, হয়রানি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ বছর থেকে সরকারের অধিকাংশ গোপন নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্পর্শকাতর ও রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত তথ্য ও নথিপত্র প্রকাশ করা হবে না। এই উদ্যোগের মধ্য দিয়ে সরকারের গোপনীয়তা আইন (অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) কার্যত শিথিল করা হচ্ছে। সংস্থাপন সচিব আবদুস সালাম খান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনগণের কাছে সরকারের বিষয়গুলো আমরা যতটা সম্ভব উন্মুক্ত করে দেব। এ জন্য একটি কমিটিও করা হয়েছে"। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নথি প্রকাশের বিষয়ে কাজ চলছে। বছর শেষ হওয়ার আগেই কাজ শেষ করা যাবে বলে আশা করছি আমরা।" তিনি বলেন, "সরকারি দলিল, নথি ও প্রকাশনা সম্পর্কে জানতে পারলে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে। এতে হয়রানি ও দুর্নীতি কমবে, সরকারের জবাবদিহিতাও প্রতিষ্ঠা পাবে।" সরকারের এক ঊচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই উদ্যোগের মাধ্যমে সরকারের গোপনীয়তা আইন কার্যত শিথিল হয়ে যাচ্ছে। আগে এই আইনের ব্যাপক প্রয়োগ ছিল। এখন শুধু জাতীয় নিরাপত্তা ও স্পর্শকাতর বিষয়গুলো এই আইনের আওতায় থাকবে"। তিনি আরো বলেন, "সিক্রেটস অ্যাক্টের বাধ্যবাধকতা না থাকার পরও সরকার এতদিন অনেক বিষয় গোপন রেখে এসেছে। এসব নথি উন্মুক্ত করে দেওয়া হলে এই আইনের ব্যবহারও শিথিল হবে।" ওই কর্মকর্তা বলেন, একসঙ্গে সব বিষয়ের নথি উন্মুক্ত করা সম্ভব নয় বলে কাজটি করা হবে পর্যায়ক্রমে। কোন বিষয়ের নথি আগে প্রকাশ করা হবে তা নির্ধারণ করতে সংস্থাপন সচিব আবদুস সালাম খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। মন্ত্রণালয়গুলো এ ব্যাপারে আলাদা প্রতিবেদন তৈরি করবে এবং এ কাজে কমিটি তাদের সহযোগিতা করবে। প্রতিবেদন তৈরি হয়ে গেলে কমিটি মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করে অগ্রাধিকারের বিষয়টি ঠিক করবে। এসব কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি আরো জানান, এ বিষয়ে সুপারিশ তৈরির জন্য বিভিন্ন মন্ত্রণালয় ইতিমধ্যে সভা শুরু করেছে। গতমাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। এতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও ব্যুরোর আইন সংক্রান্ত তথ্যগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই ব্যুরোর সব তথ্যই পর্যায়ক্রমে ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করা হবে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একটি বৈঠক হয়েছে। ওই কর্মকর্তা জানান, বিভিন্ন অধিদপ্তরের আইন-কানুন ও মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন দেশের চুক্তির তালিকা ওয়েব সাইটে প্রকাশের বিষয়ে ওই সভায় সিদ্ধান্ত হয়। সেইসঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের অন্য সব বিষয়ের একটি তালিকা সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় । মন্ত্রণালয়ের নয়টি বিভাগের প্রধানরা ওই সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এসকে/১৭৪৫ঘ.