নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপিদলীয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরো দুটি মামলা হয়েছে। গার্মেন্টসের পরিত্যক্ত কাপড়ের (ঝুট) দুই ব্যবসায়ী বাদি হয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।
পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন ফতুল্লার লালখাঁ এলাকার ব্যবসায়ী নেকবর আলী।
এ মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাংসদ থাকার সময় গিয়াউদ্দিন ২০০৫ সালের ৪ অক্টোবর বাদির সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের অফিসে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় সাবেক সাংসদের সঙ্গে সেলিম, আক্তার, জামান নামে তিন সন্ত্রাসী ছিল। হুমকির মুখে বাদি পাঁচ লাখ টাকা চাঁদা দিয়ে আটটি গার্মেন্টস থেকে ঝুট নামানোর অনুমতি পান বলে এজাহারে উল্লেখ করা হয়।
অপর মামলার বাদি ফতুল্লার পাগলা এলাকার ঝুট ব্যবসায়ী জাকির হোসেন অভিযোগ করেন, ব্যবসা করার জন্য গিয়াসউদ্দিনের অনুগত সন্ত্রাসী আক্তার বাদির কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। ২০০৫ সালের ৬ জানুয়ারি আক্তার বাদিকে লালপুর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে গিয়াসউদ্দিনের হাতে তিন লাখ টাকা তুলে দিয়ে ছয়টি গার্মেন্টসের ঝুট নামানোর অনুমতি নেন বাদি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান জানান, মামলা দুটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কারাগারে আটক গিয়াসউদ্দিনের বিরুদ্ধে জরুরি অবস্থা জারির পর বিভিন্ন ব্যক্তি ও সংস্থা ১৭টি মামলা দায়ের করে। এর মধ্যে ১৩টি মামলা সিদ্ধিরগঞ্জ থানায়, দুটি ফতুল্লা মডেল থানায়, একটি রমনা থানায় এবং একটি ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৮ ঘ.
bdnews24