চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়ায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর দুর্নীতি মামলার অভিযোগপত্র গ্রহণ শেষে মহানগর দায়রা জজ মামলাটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠিয়েছেন। অভিযোগপত্রে মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেন অভিযোগপত্র গ্রহণ করেন।
দুদকের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৯ অক্টোবর অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ১ জুলাই দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ গাড়ি কেনায় দুর্নীতি ও সম্পত্তির উৎস গোপন করার অভিযোগে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খান গাড়ি কিনতে শাহজাহান চৌধুরীকে সহযোগিতা করেছেন। এজন্য তাকেও মামলায় আসামি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২০১৫ ঘ.
bdnews24