ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের ঢেউটিন, চাল, কম্বলসহ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের তিন ওয়ার্ড কমিশনারসহ ৫ জনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
সোমবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন।
সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে- ঢাকা সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড কমিশনার শর্মিলা আহমেদ, ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার মো. রুহুল আমিন ভূইঞা, ৪০ নম্বর ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান, তার ব্যক্তিগত সচিব সুজাত আলী ও অফিস সহকারি মঞ্জুর আলমকে।
সোমবার তাদেরকে পাওয়া যাচ্ছে না বলে গ্রেপ্তার করা যায়নি মর্মে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকা মহানগরীর বিভিন্ন থানার পুলিশ।
গত ২ মার্চ ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয় থেকে যৌথবাহিনী ত্রাণের ঢেউটিন, কম্বল, পঁচা চাল উদ্ধার করে। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়। সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুসহ ১৬ জনের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
ফালুসহ তিনজন এ মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন। আগামী ৪ অক্টোবর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত ৫৫ নম্বর ওয়ার্ড কমিশনার এমএ মজিদসহ ৮ জনের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন এখনও আদালতে পৌঁছেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/
bdnews24