বাগেরহাট, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোল্লাহাটে ওষুধ ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যার ঘটনায় নিহতের বাবা শেখ আলালউদ্দিন বাদি হয়ে একটি মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে ইসমাইলের লাশ রোববার রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মোল্লাহাট থানায় আলালউদ্দিনের দায়ের করা মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, স্থানীয় নাশুখালী বাজারের ২/৩ শতক জমি নিয়ে বাদির ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বাদির ছেলেকে হত্যা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সোমবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।"
শনিবার রাতে গাওলা ইউনিয়নের নাশুখালী বাজারে নিজের ওষুধের দোকানে খুন হন ইসমাইল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24