টাঙ্গাইল, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচন পর্যন্ত জরুরি অবস্থা বহাল রাখা দরকার বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তার মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এটা প্রয়োজন।
সোমবার সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, "আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি অবস্থা নির্বাচন পর্যন্ত বহাল রাখা প্রয়োজন।"
বাতিল হওয়া নির্বাচনের মূল সমস্যা ছিল ত্র"টিপূর্ণ ভোটার তালিকা- উল্লেখ করে সিইসি বলেন, "এ জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে; ৩০ জন মারা গেছে। আমরা সঠিক ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করতে চাই। ভাংচুর, জ্বালাও-পোড়াওয়ের ধারা থেকে বের হতে চাই।"
ভোটার তালিকা তৈরিতে সেনাবাহিনীর অংশগ্রহণের বিষয়ে শামসুল হুদা বলেন, "সেনাবাহিনী মনে হলে পাকিস্তান আর্মির কথা মনে হয়। কিন্তু স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী প্রশাসন এবং জনগণের সঙ্গে ভোটার তালিকা প্রণয়নে একসঙ্গে কাজ করছে। এরমধ্যে কোন বিরোধ নেই। রাজনীতিবিদরা যাই বলুক দেশবাসী ভোটার তালিকাকে গুরুত্ব দিচ্ছে।"
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, "সেপ্টেম্বরের শেষ নাগাদ ছবিসহ ভোটার তালিকার ১০ ভাগ কাজ শেষ হয়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি। এবারে দেশে ভোটার হবে ৭ থেকে ৮ কোটি। এজন্য ১৮ মাস খুব বেশি সময় নয়। ৫ থেকে ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হলে তা প্রশ্নবিদ্ধ থেকে যেতো।"
তিনি বলেন, "আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা শেষ করে নির্বাচন করতে পারি, তাহলে তা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।"
জেলা প্রশাসক আখতার আলী সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম মুজাহিদ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল ওয়াদুদ ও আলিমুজ্জামান।
সভায় জানানো হয়, আগামী ৬ অক্টোবর থেকে টাঙ্গাইল পৌরসভা ও সদর উপজেলায় একযোগে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হবে। এজন্য ৩০ জন সহকারী নিবন্ধক, ২৩৪ জন সুপারভাইজার, ১১৪৯ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ছবি তোলার কাজ চলবে।
মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ভোটার উদ্ধুকরণের জন্য একটি শোভাযাত্রা বের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24