মারুফ মল্লিক
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিএনজি চালিত বেবিট্যাক্সি চালকদের যাত্রী হয়রানি বন্ধ করতে যৌথবাহিনীর সহায়তা নিতে পারে সরকার।
কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজি চালিত বেবিট্যাক্সির ভাড়া বাড়ানোর পরও চালকরা আগের মতোই অচরণ করছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং কাঙ্খিত গন্তব্যে যেতে রাজি না হওয়া নৈমিত্তিক ঘটনা।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, যাত্রীদের এ জিম্মিদশা থেকে উদ্ধারের জন্য ঈদের পর বিআরটিএ কঠোর অভিযান শুরু করবে। এক্ষেত্রে যৌথবাহিনীর সহায়তা নেওয়ার চিন্তাভাবনা চলছে।
বিআরটিএ চেয়ারম্যান আবু বকর মো. শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজি চালিত বেবিট্যাক্সি ও ট্যাক্সিক্যাব নিয়ে বিভিন্ন অভিযোগ আছে। বর্তমানে দু'টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। জেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদের পর আরো কঠোর অভিযান শুরু হবে। এজন্য যৌথবাহিনীর সহায়তা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।"
বিআরটিএ এর কর্মকর্তারা জানান, সিএনজি বেবিট্যাক্সি চালকদের এখন আর শুধু জরিমানা করে কাজ হচ্ছে না। আইন না মানার কারণে জেলও দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে ২০ জন সিএনজি চালককে ২ মাস করে জেল দেওয়া হয়েছে। ১ হাজার ৩৫০টি মামলা করা হয়েছে। ১৫০টি বেবিট্যাক্সি আটক করা হয়েছে। ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরপরও মালিক ও চালকদের খেয়াল খুশি মতই সব চলছে।
যাত্রীরা বলছেন,চালকরা মিটারে যেতে রাজি না হয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে। মিটারের ভাড়া থেকে ১০/১৫ টাকা বেশি দাবি করা হয়। নির্ধারিত গন্তব্যে যেতে রাজি হয় না।
এধরনের সমস্যা সমাধানের জন্য চলতি বছরের মে মাসে সিএনজি চালিত বেবিট্যাক্সির ভাড়া বৃদ্ধি করা হয়। সরকার, মালিক ও চালকদের এক ত্রিপক্ষীয় বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দুই কিলোমিটারের জন্য ১২ টাকা থেকে ১৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। এরপর প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয় ৫ টাকা ৫০ পয়সা। অপেক্ষার জন্য প্রতিমিনিট ৭৫ পয়সা। স্বল্প দুরত্বের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় ১৫ টাকা। জমা নির্ধারণ করা হয় ৩০০টাকার পরিবর্তে ৪৫০ টাকা।
সিএনজির মালিকরা বলছেন, ২০০৫ সালের পর নতুন করে কোনও সিএনজি চালিত বেবিট্যাক্সির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না। পুরনো গাড়ি ৪/৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। রক্ষণাবেক্ষন ব্যয়ও বেড়ে গেছে। এ খাতে মাসে কমপক্ষে ৩ হাজার টাকা ব্যয় হয়। গ্যারেজ ভাড়া দিতে হয়। খুচরা যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। লম্বা লাইন দিয়ে গ্যাস সংগ্রহ করতে হয়। এসব কারণে সিএনজি এখন আর লাভজনক হচ্ছে না। এ কারণেই মালিকরা অতিরিক্ত জমা আদায় করছে। চালকরাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
এদিকে চালকদের অভিযোগ, একবেলার জন্য মালিকরা কমপক্ষে ৬০০ টাকা জমা আদায় করে। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দেওয়া হয় প্রথম দফায়। ৬টার পর আবার অন্য চালককে গাড়ী দেওয়া হয়। এ জন্য জমা নেওয়া হয় ৩০০ থেকে আড়াই শ টাকা। সব মিলিয়ে মালিকরা দিনে ৮/৯শ' টাকা আদায় করে থাকে।
মিরপুরের সিএনজি বেবিট্যাক্সির মালিক আবদুস সাত্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজি ভাড়া দিয়ে এখন মাসে দশ হাজার টাকাও আসে না। কিনতে খরচ হয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গাড়ীতে খরচ বেড়ে গেছে। গাড়ীর দাম কম হলে জমা কম নেওয়া যেত। রক্ষনাবেক্ষন বায় বাড়ার কারণে অনেকে মিশুকের দিকে ঝুঁকে পড়েছে।"
বিআরটিএ কর্মকর্তারা জানান, এপর্যন্ত প্রায় ১৩ হাজার সিএনজি চালিত বেবিট্যাক্সি এবং দশ হাজার ট্যাক্সিক্যাবকে রাজধানীতে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু যান্ত্রিক ত্র"টির কারণে রাস্তায় চলাচল করছে না। ২০০৫ সালের পর নতুন করে আর সিএনজি বেবিট্যাক্সির নিবন্ধন দেওয়া হয়নি।
একজন কর্মকর্তা বলেন,"চাহিদা থাকা সত্ত্বেও নতুন রেজিস্ট্রেশন না দেওয়ায় এ ধরনের সঙ্কট হচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১১০০ ঘ.
bdnews24