২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি বহুতল ভবনসহ রাজধানীতে দেড় হাজারের বেশী অবৈধ স্থাপনা উচ্ছেদ

কয়েক শ সেনা ও পুলিশ সদস্যের সহযোগিতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) সোমবার নগরীর এলিফ্যান্ট রোড, মিরপুর, শ্যামপুর ও যাত্রাবাড়ি এলাকায় দুটি বহুতল ভবনসহ দেড় হাজারেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 09:19 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রাজউক কর্তৃপক্ষ এলিফ্যান্ট রোডে সাত তলা ‘জিএম প্লাজা’ ভবনের উপরের তিন তলা, পাশের ছয় তলা এবং অপর একটি ভবনের উপরের দুই তলা ভেঙ্গে দেয়। ভবন দুটির চার তলা করে ফাউন্ডেশন থাকলেও সেখানে অবৈধভাবে সাত তলা ও ছয় তলা ভবন নির্মাণ করা হয়েছিল বলে রাজউক জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজউক ও যৌথ বাহিনীর ছয় শতাধিক সদস্য বহুতল ভবন দুটি ছাড়াও এলিফ্যান্ট রোড ও নিউ এলিফ্যান্ট রোডে রাস্তার দুই পাশের এবং ফুটপাতের কয়েকশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

নিউমার্কেট থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই একরামুল হক জানান, সকাল ১১ টায় শুরু করে দুপুর তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।  অভিযান শুরু হলে শত শত উৎসুক মানুষ তা দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমায়।

এর আগে যৌথ বাহিনীর সদস্যরা দুর্ঘটনা এড়াতে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয়।

অন্যদিকে ডিসিসি কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহযোগিতায় নগরীর মিরপুরে এশিয়া সিনেমা হলের পেছনের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এসব স্থাপনার বেশীরভাগই চিত্র প্রযোজক ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের মালিকানায় ছিল।

মিরপুর থানা পুলিশ বলেছে, পুলিশ উপস্থিত থাকলেও ডিসিসির এই অভিযানের মূল নেতৃত্বে ছিল সেনাবাহিনী।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ অপর একটি অভিযানে শ্যামপুর ও যাত্রাবাড়ি এলাকায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তুরাগ নদী বক্ষে অবৈধভাবে গড়ে উঠা প্রায় আড়াইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।