সাতক্ষীরা সীমান্তে দেড় শতাধিক রাউন্ড গুলি বিনিময়
সাতক্ষীরা সীমান্তে মঙ্গলবার সন্ধ্যায় বিডিআর ও বিএসএফের মধ্যে দেড় শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। দু’ঘন্টা স্থায়ী এ গোলাগুলিতে একজন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সীমান্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উস্কানিতে এপারে কুশখালি সীমান্তে গুলিবর্ষণ শুরু করে। জবাবে সাতক্ষীরার কুশখালি বিডিআর ক্যাম্পের সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এভাবে রাত সাড়ে আটটা পর্যন্ত বিডিআর ও বিএসএফের মধ্যে গুলি বিনিময় চলে। এ ঘটনায় সীমান্তের সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নূরুল মোমেন চৌধুরী সীমান্তে গোলাগুলির ঘটনা স্বীকার করে জানান, বিএসএফ ৩৫/৪০ রাউন্ড গুলি চালালে বিডিআর সদস্যরাও শতাধিক রাউন্ড গুলি ছুঁড়ে তার জবাব দেয়।
মেজর নূরুল মোমেন চৌধুরী আরও জানান, ফেন্সিডিলের একটি চোরাচালানী দলকে লক্ষ করে গুলিবর্ষণের ফলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
নিহত ভারতীয়ের নাম বলরাম (৪৫)। তিনি ভারতের স্বরূপনগর থানার খলিশ অঞ্চল পঞ্চায়েত সদস্য শম্ভুর ভাই বলে জানা গেছে।
