নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উত্তপ্ত সীমান্ত
হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত--বাংলাদেশ সীমান্ত। জরুরি অবস্থা ঘোষণা এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলিতে উভয় দেশের সাত নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৫ জন।
এ ছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় বিডিআর ও বিএসএফ পরস্পরকে লক্ষ করে কয়েক হাজার রাউণ্ড গুলিবর্ষণ করেছে।
ভারতীয় সরকারি-- বেসরকারি টেলিভিশনগুলো দাবি করছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ থেকে চিহ্নিত সন্ত্রাসীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে দেশটির টেলিভিশনগুলো জানায়।
১২ জানুয়ারি ড. ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মোবারক আলী (৩৫) নামে একজন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও তিনজন।
১২ জানুয়ারি রাতেই সাতক্ষীরার খোঁজাডাঙ্গা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয় মো. জাহাঙ্গীর হোসেন নামের এক গরু ব্যবসায়ী।
১৩ জানুয়ারি শনিবার তেঁতুলিয়া সীমান্তে আগের দিন বিএসএফের গুলিতে আহত মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ইয়াকুব (১০) মারা যায়। এ ছাড়া ঝিনাইদহ ও নওগাঁ সীমান্তে নিহত হয় আরও দুই বাংলাদেশী নাগরিক।
এর পরদিন ১৪ জানুয়ারি রোববার নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে বিএসএফ। এ সময় আহত হয় সাত বাংলাদেশী।
সর্বশেষ ১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফ ও বিডিআরের গোলাগুলিতে দুই ভারতীয় নাগরিক নিহত ও তিনজন আহত হয়।
এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যরা সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা বাংলাদেশের অভ্যন্তরে দফায় দফায় গুলিবর্ষণ করেছে।
১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই সাতক্ষীরা, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট, হিলি, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঝিনাইদহ, মেহেরপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় দফায় দফায় বিডিআর ও বিএসএফের মধ্যে কয়েক হাজার রাউণ্ড গোলাগুলি হয়েছে।
এ সম্পর্কে বিডিআরের অপারেশন শাখার মুখপাত্র মেজর মাহমুদ নফহবংি২৪.পড়স কে বলেন,“ভারত সব সময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বড়ভাই সুলভ আচরণ করতে চায়। এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ। নতুন সরকারকেও তারা এটা বুঝিয়ে দিতে চায় বলেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “ভারতে গরু ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের গরু ব্যবসায়ীরা কয়েক লাখ টাকা অগ্রিম দিয়ে রাখে। এ টাকা ফেরৎ না দেওয়ার জন্য ভারতের গরু ব্যবসায়ীরা অনেক সময় বিএসএফকে দিয়ে এ দেশের গরু ব্যবসায়ীদেরকে হত্যা করায়।”
