২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা উদ্ধার মামলায় এরশাদের আবেদন ২ সপ্তাহ মুলতুবি

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বাসভবন থেকে দুই কোটি টাকা উদ্ধার সংক্রান্ত দুর্নীতি মামলায় এরশাদের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবি করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি শেখ আবদুল আওয়াল সমন্বয়ে হঠিত হাইকোর্ট বেঞ্চ এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আপিলটির শুনানির দিন ধার্য ছিল সোমবার। এরশাদের পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পর এরশাদের বাসভবন থেকে এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা শাড়ীর ভাঁজে ভাঁজে এবং ১১ সেট স্বর্ণালংকার, ৬০ সেট সোনার মেডেল ও ১৬৪ টি মূল্যবান বৈদ্যুতিক দ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা দুর্নীতির মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্র“য়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ওই বছরের ১৬ ফেব্র“য়ারি এরশাদ এ মামলায় হাইকোর্টে আপিল করেন। এদিকে এরশাদের সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ থেকেও আপিল করা হয়। উভয় আবেদনের ওপর সোমবার শুনানির দিন ধার্য ছিল।