চট্টগ্রামে শিবির কর্মী ও চোরাকারবারীসহ আটক ১২
সেনা সদস্যরা চট্টগ্রামে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক শিবির কর্মী ও দুই চোরাকারবারীসহ ১২ জনকে আটক করেছে। চোরাকারবারীদের একজনের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সেনা সদস্যরা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. নুরুল হকের ভোয়ালিয়া পাড়ার বাড়িতে অভিযান চালায়। তারা নূরুল হকের ছেলে শিবির কর্মী সাইফুদ্দীন মো. দেলোয়ার হোসেন ডালিমকে আটক করে। তার বিরুদ্ধে সাতকানিয়ায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে সূত্র জানায়।
পৃথক দুটি অভিযানে শুক্রবার নগরীর দুই চিহ্নিত চোরাকারবারীকে আটক করেছে সেনা সদস্যরা। পতেঙ্গা থানার কাঠগড় এলাকা থেকে চোরাকারবারী হাজী শফিউল আলম প্রকাশ ওরফে চোরা শফি এবং নগরীর কোতোয়ালী থানাধীন টেরি বাজার থেকে চোরাকারবারী মেজবাহকে আটক করা হয়। চোরা শফির কাছ থেকে একটি এক-নলা ও একটি দো-নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া, সেনা অভিযানে নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে আটককৃতরা হল- সাতকানিয়ার শাহাদত হোসেন রাসেল (২২), আনোয়ারার রেজাউল করিম (৩৫), জয়দেব দত্ত (৪৪) ও কুলীন দত্ত (৪০), চন্দনাইশের জাফর আহমেদ (৩৫) ও মফিজুর রহমান, বোয়ালখালীর রহম আলী (৪০), রাঙ্গামাটির কমলা কান্তি চাকমা (৩৮) এবং বান্দরবানের চনু মং মাস্টার (৫৮)।
