২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে 'অস্ত্র কারখানা' খুঁজে পেল পুলিশ

মহেশখালী উপজেলার একটি বাজারের একটি ‘অস্ত্র কারখানা’ থেকে পুলিশ স্থানীয়ভাবে তৈরি চারটি বন্দুক ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার নামের ওই এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী থানা পুলিশ সন্ধান পায়। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মহেশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার ভোরে নতুন বাজারের ওই কারখানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার লোকজন পালিয়ে যায়। পুলিশ দোকানটি তল্লাশী করে ৪টি দেশীয় তৈরী লম্বা বন্দুক এবং অস্ত্র তৈরির সরঞ্জাম, লেদ মেশিন, ড্রিল মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নানা ধরনের যন্ত্রপাতি উদ্ধার করে।

অভিযান পরিচালনাকারী দারোগা প্রভাত কর জানান, প্রাথমিক তদন্তে স্থানীয় সাতঘর পাড়ার আবু সৈয়দের পুত্র সরওয়ার (২৭) অস্ত্র কারখানাটি চালু করে এবং তার কয়েকজন সহযোগী নিয়ে দেশীয় প্রযুক্তিতে লম্বা বন্দুক ও কাটা বন্দুক বানিয়ে তা গোপনে বিক্রি করতো।

তবে একটি জনবহুল বাজারে এতোদিন কিভাবে অস্ত্র তৈরি হল তার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি কেউ।