সাভারে মার্কেট দখলের চেষ্টায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ
পৌর এলাকার বাজার রোডে ব্যাংক কলোনী মহল্লায় রোববার সকালে একদল সন্ত্রাসী নির্মানাধীন একটি মাকের্ট দখলের চেষ্টা করে। সন্ত্রাসীরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। পরে পুলিশ সেখান থেকে ১৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
নির্মানাধীন রানা সুপার মার্কেটের মালিক আব্দুল খালেক জানান, কিছু দিন ধরে সাভারের শীর্ষ সন্ত্রাসী ও গাড়ি চোরদের গডফাদার হেলালের বাহিনীর ১০/১৫ জন সন্ত্রাসী তারকাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে তিনি সাভার থানায় ১০ জানুয়ারি হেলাল (৩৫) সহযোগী খোকনসহ (২৮) অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে একটি জিডি (নং-৪৪৯) করেন।
সন্ত্রাসীরা এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকাল ৯টার দিকে মার্কেট দখলের জন্য হামলা চালায়।
তিনি বলেন, “তারা ব্যাংক কলোনীতে আমার বাড়ি ‘মর্জিনা ভিলা’ লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে।” মর্জিনা ভিলার ভাড়াটিয়া, প্রত্যক্ষদর্শী হাসিনা বেগম জানান, মুখোশ পরে অস্ত্র হাতে দুই লোক গেটের ভেতর প্রবেশ খালেকের ব্যবহৃত মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। এতে গাড়ির পিছনের গ্লাস ভেঙ্গে যায়। এছাড়া বাড়িতে ৩টি গুলির দাগ রয়েছে।
হামলার খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে সাভার থানার এসআই গোলাম মোর্শেদ বলেন, “ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানতে পারি রানা সুপার মার্কেট দখলের জন্য হেলাল বাহিনী শতাধিক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।” ঘটনাস্থল থেকে ১৭ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
হামলার ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে সাভার থানায় হেলাল (৩৫), খোকন (২৮), আলামিন (২৫), শিমুল (৩০) মোশারফ (২৮) ও পরান (২৭) সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
