ইবিতে ছাত্রদল কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত
ছাত্রদল কর্মীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আব্দুল বারিকে লাঞ্ছিত করেছে শনিবার ।
ছাত্রদল কর্মীদের দাবি অনুযায়ী, ভর্তি ফরমে রোল না দেওয়ায় তাকে লাঞ্ছিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক কামাল হোসেন ৬/৭ কর্মী নিয়ে ‘খ’ ইউনিট কার্যালয়ে গিয়ে সিরিয়াল অনুযায়ী ফরমে রোল নম্বর দেওয়ার দাবি জানায় শিক্ষক আব্দুল বারির কাছে। কিন্তু দাবি অনুযায়ী রোল নম্বর দিতে অস্বিকার করলে তাদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে তারা শিক্ষককে লাঞ্ছিত ও গালিগালাজ করে। গোলযোগ শুনে পাশের শিক্ষক সমিতি কার্যালয় থেকে শিক্ষকরা ছূটে আসলে ছাত্রদল কর্মীরা চলে যায়।
আব্দুল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “দোষীদের শাস্তি দাবি করে আমি শিক্ষক সমিতির কাছে মৌখিক অভিযোগ করেছি।”
ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি প্রবেশ পত্র নেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম। তবে শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটির কথা তিনি স্বীকার করেন।
