সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭
জেলায় পৃথক দুর্ঘটনায় শনিবার চারজন নিহত হয়েছে। যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে পাঁচিলা বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন, কারাখন্দ উপজেলায় ট্রেনের ধাক্কায় একজন এবং অপর একটি স্থানে বাসের নিচে চাপা পড়ে একটি শিশু মারা গেছে।
সাভার থেকে নাটোরগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান দুই মাছ ব্যবসায়ী কমল হাওলাদার (৩২) ও গণেশ হাওলাদার (২২)। এদের দুজনেরই বাড়ি সাভারের শিমুলিয়ায়। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ওসি বিমান কুমার দাস জানান, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
এ ছাড়া কামারখন্দ উপজেলার চর শাহবাজপুর গ্রামের স্কুল শিক্ষক আমির হোসেন (৪৫) নিজ বাড়ির পাশে রেললাইন পার হওয়ার সময় সুন্দরবন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর দুপুরে তিনি মারা যান।
অন্যদিকে দুপুর ২টার দিকে জেলার কাজীপুর আঞ্চলিক মহাসড়কের মেঘাই নতুন বাজারে সিরাজগঞ্জ থেকে সোনামুখীগামী হীরক এন্টারপ্রাইজ বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীব নামে তিন বছরের এক শিশু মারা যায়। সজীব এলাকার ব্যবসায়ী জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাস চালককে আটক করতে পারেনি।
