জরুরি অবস্থাকে 'সাময়িক ব্যবস্থা' মনে করে চার দলীয় জোট
রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থাকে ‘সাময়িক ব্যবস্থা’ বলে মনে করে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট।
শুক্রবার জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে শিগগিরই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয় সব কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাংবিধানিক শাসন ও গণতান্ত্রিক ভাবমূর্তি রক্ষা এবং জনগণের সামগ্রিক কল্যাণের স্বার্থে এর কোনো বিকল্প নেই।
বনানীর হাওয়া ভবনে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে শুরু হওয়া দীর্ঘ বৈঠক শেষে বিএনপির সহ দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিবৃতিটি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।
বিবৃতিতে আরও বলা হয়, কতিপয় রাজনৈতিক দল নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় এ অবস্থা জারি করতে বাধ্য হয় সরকার।
