সিইউএফএল এখনও চালু হয়নি
বিকল্প উৎস থেকে পানি না পাওয়ায় বুধবারও বন্ধ ছিল চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
দেশের সবচেয়ে বড় এই ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি সচল করার জন্য দিনভর বিকল্প উৎসের পানি সরবরাহ পাওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। কিন্তু গভীর নলকূপ থেকে পর্যাপ্ত পানি না পেয়ে সব চেষ্টা ব্যর্থ হয় বলে সূত্র জানায়।
কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততা বেড়ে গেলে সোমবার মধ্যরাত থেকে দৈনিক সতের শ’ মেট্টিক টন ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটির সবগুলো ইউনিট বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, বিকল্প উৎস থেকে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে আরও দু/তিন দিন সময় লাগবে। এর আগে কারখানায় উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সিইউএফএল সিবিএর সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, “পানির ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা না গেলে কারখানাটিকে প্রতিদিন ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এর প্রভাব পড়বে বোরো মৌসুমে।”
