২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা

সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার ওপর সরকারের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশ শেষে সাংবাদিকরা রাজপথে মিছিল করেছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে তা আরোপ করার নিন্দা জানান। তারা বলেন,  জনগণ চায়Ñযারা সরকারে থেকে দেশের সম্পদ লুঠ করেছে; পুলিশ, প্রশাসন, বিচার বিভাগকে দলীয়ভাবে যথেচ্ছ ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে জরুরি অবস্থা ব্যবহার করা হোক। এর শিকার যেন সংবাদমাধ্যম এবং সাধারণ জনগণ কোন অবস্থাতেই না হন।

জনগণের মৌলিক অধিকার খর্ব না করে যারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকার লঙ্ঘন করে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কারণ ঘটায় তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক নেতা ফারাজী আজমল হোসেন, আমীরুল মোমেনীন ও সাইফুল ইসলাম তালুকদার।