জরুরি অবস্থা ঘোষণা করলেন রাষ্ট্রপতি
সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন থাকবে। এদিকে জরুরি অবস্থা জারির পরপরই রাজধানী ঢাকার চিত্র পাল্টে যায়। উদ্বিগ্ন লোকজন দ্রুত বাড়ি ফিরতে গেলে পুরো শহরে বিশাল যানজটের সৃষ্টি হয়। (আরও তথ্যসহ-- ২)
বিটিভির খবরে বলা হয়, সংবিধানের ১৪১ অনুচ্ছেদের ক - এ দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছেন। এ ধারায় বলা হয়েছে, যে কোনো নিরাপত্তাজনিত হুমকির প্রেক্ষাপটে দেশে জরুরি পরিস্থিতি বিরাজ করছে বলে রাষ্ট্রপতি মনে করলে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন।
রাতেই জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ দেবেন।
সন্ধ্যা থেকেই নানা গুজবের শহরে পরিণত হয় রাজধানী। জরুরি অবস্থা জারির খবর ছড়িয়ে পড়ার পরপরই জনমনে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। দ্রুত বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়।
শ্যামলীতে ট্রাফিক সার্জেন্ট আবদুল কাদের যানজট দেখে ওয়ারল্যাসের মাধ্যমে সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন ঢাকা শহরের প্রায় সব জায়গাতেই একই অবস্থার কথা। তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, বড় কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তিনি আঁচ করতে পারছেন।
শুধু ঢাকাতেই নয়, সারাদেশেই মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন লোকজন বিভিন্ন সংবাদ মাধ্যম অফিসে ও স্বজনদের কাছে টেলিফোন করে জানতে চান পরিস্থিতি।
এর আগে বঙ্গভবনে বিকেলে উপদেষ্টা পরিষদের ‘বিশেষ বৈঠক’ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়। উপদেষ্টারা বৈঠকে যোগ দিতে বঙ্গভবনে গেলেও প্রায় পৌনে দুঘণ্টা অপেক্ষার পর তারা বেরিয়ে যান।
বৈঠক না হওয়ার বিষয়ে উপদেষ্টারা সাংবাদিকদের কাছে মুখ না খুললেও টেলিফোনে সুফিয়া রহমান নফহবংি২৪.পড়স--কে জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন রাতে আমাদের আবার ডাকা হবে।” কিন্তু এর পরপরই রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনে দেশে জরুরি অবস্থা জারির খবর প্রচার করা হয়।
দুপুর পৌনে তিনটায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম বঙ্গভবনে ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। এ সময় সেনা সদস্যদের বহনকারী কয়েকটি যান বঙ্গভবনের চারপাশে অবস্থান নেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই চলে যান।
সেনাসদর জানায়, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানরা রুটিন বৈঠক করেছেন।
এর আগে সকালে বিডিআর, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর প্রধানদের সঙ্গে আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি।
দুপুরে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, বিকেলে বঙ্গভবনে ডাকা বিশেষ বৈঠকে “প্রধান উপদেষ্টা যদি আমাদের প্রস্তাব না মেনে ২২ জানুয়ারির নির্বাচনে অনড় থাকেন তবে সেখান থেকে বের হয়ে ১০ উপদেষ্টা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন।”
এর আগে দিনভর রাজনৈতিক সংকট সমাধানে জোর প্রচেষ্টা চালান কূটনীতিকরা।
ঢাকায় কর্মরত কুটনীতিবিদদের সংগঠন টিউয়েসডে গ্র“পের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আলাদা বৈঠক করে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, জাপানের রাষ্ট্রদূত মাসাইয়ুকি ইনোউয়ি, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেয়েক এবং ঢাকায় ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান স্টিফেন ফ্রোয়েন উপস্থিত ছিলেন।
টিউয়েসডে গ্র“পের বর্তমান আহ্বায়ক কানাডীয় রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসনের বারিধারার বাড়িতে বিকেলে আওয়ামী লীগ ও এরপর বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে।
এর আগে বুধবার জাতিসংঘ বাংলাদেশে নির্বাচনে সবধরনের সহায়তা বন্ধের ঘোষণা দেয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।
বাংলাদেশে গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পরিবেশ নেই এই অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঢাকায় তাদের নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত করার কথা জানায়। আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এনডিআইসহ কয়েকটি সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানিয়ে দেয়।
