মিরপুরে সন্ত্রাসীদের বোমা নিক্ষেপ, আটক ১
রাজধানীর মিরপুরে বুধবার বিকেলে মোটরসাইকেল থেকে জনতা ও পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালানোর সময় পুলিশ হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ মোটরসাইকেলটি আটক করতে পারলেও আরোহী অপর দুই সন্ত্রাসী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত শেখ রাজু (৩২) পুলিশকে জানায়, পালিয়ে যাওয়া তার অপর দুই সহযোগীর নাম জাকির হোসেন ও নান্নু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর দুই নাম্বারে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছে বিকেল পাঁচটার দিকে একটি চায়ের দোকান লক্ষ্য করে ওই বোমা হামলা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “চায়ের দোকানে স্থানীয় মানুষ ও পুলিশের জমায়েত লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা দুটি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয় এবং একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, “বোমা নিক্ষেপের পরপরই পুলিশ ও জনতা ধাওয়া করলে তারা মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তিন সন্ত্রাসীর মধ্যে একজনকে জনতা ধরে ফেলে এবং অপর দুজন তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।”
মিরপুর থানার সেকেন্ড অফিসার জহিরুল আনোয়ার বলেন, “হামলাকারী সন্ত্রাসীরা কোন রাজনৈতিক দলের সদস্য কিনা তা আমি নিশ্চিত না।”
বোমা হামলার কারণ সম্পর্কেও তিনি নিশ্চিত নন বলে জানান।
