২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ‘ক্রসফায়ারে’ ৪ চরমপন্থী নিহত

জেলার রূপসা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের চার সদস্য বুধবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নিহতরা হলেন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড মো. হেমায়েত আলী খান ওরফে হেমায়েত মাস্টার (৩২), মো. রফিকুল ইসলাম ওরফে রফিক খন্দকার (৩২), মো. মিজানুর রহমান (২৭) ও মো. সেলিম শেখ (৩০)।

উপজেলার সামন্তসেনা গ্রামের পদ্মবিল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, ১টি শার্টার গান, ৪ রাউন্ড বন্দুকের কার্তুজ এবং ৩ রাউন্ড জি--৩ রাইফেলের গুলি উদ্ধার করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

র‌্যাব--৬ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রাত পৌনে ৪ টার দিকে র‌্যাবের একটি দল পদ্মবিল গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ে। পরে র‌্যাবের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। প্রায় এক ঘন্টার বন্দুকযুদ্ধে র‌্যাব সদস্যরা কমপক্ষে ৬৮ রাউন্ড গুলি ছোঁড়ে।

নিহত হেমায়েত মাস্টারের বিরুদ্ধে ৭ টি হত্যাসহ ২০টি মামলা, রফিক আহমেদের বিরুদ্ধে ৫টি হত্যাসহ ১২ টি মামলা, মিজানুর রহমানের বিরুদ্ধে ২টি হত্যাসহ ৩ টি মামলা এবং সেলিম শেখের বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে।