২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক হত্যার গুজব, তেজগাঁওয়ে দুটি তৈরি পোশাক কারখানায় আগুন

তেজগাঁও এলাকায় নাবিস্কো মোড় এবং উত্তর বেগুনবাড়িতে বুধবার সকালে শ্রমিকরা দুটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এতে প্রতিষ্ঠান দুটির ১৭ টি গাড়ি পুড়ে যায়।   

তিন শ্রমিককে হত্যা করা হয়েছে এই গুজবে বিক্ষুদ্ধ শ্রমিকরা উত্তর বেগুনবাড়িতে অবস্থিত পদ্মা গার্মেন্টস এবং নাবিস্কো মোড়ের নাসা গ্র“পের কর্পোরেট কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের দুই ঘন্টারও বেশি সময় ধরে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। এদের মহাখালী ও গুলশানের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

উত্তেজিত শ্রমিকরা সকাল ১০ টা থেকে বেলা বারোটা পর্যন্ত তেজগাঁও, গুলশান এবং মহাখালী সড়কে যান চলাচল বন্ধ করে দিলে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বেগুনবাড়ির পদ্মা গার্মেন্টসের কয়েকশ’ শ্রমিক সকাল নয়টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার মূল ভবনে হামলা চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর এবং দরজা জানালায় আগুন লাগিয়ে দেয়। পরে তারা পাশেই নির্মানাধীন পদ্মা ডাইং প্রকল্পেও হামলা চালিয়ে সেখানে রাখা তিনটি প্রাইভেট কার, চারটি ডেলিভারী পিকআপ ভ্যান এবং একটি মটরসাইকেল ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া হামলাকারীরা ৩ কোটি টাকা দামের ব্রাশ মেশিনেও আগুন লাগিয়ে দেয়।        

খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পদ্মা গার্মেন্টসে হামলা শেষে শ্রমিকরা মিছিল বের করলে আশেপাশের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এসময় পাশেই প্রগতী মোড়ের এটিজে ইন্ডাস্ট্রিজে কাজ চলছে খবর পেয়ে মিছিলকারীরা সেখানে ঢুকে শ্রমিকদের কারখানা থেকে বের করে আনে। শ্রমিকরা প্রধান ফটকসহ কারখানার কয়েকটি দরজা জানালা ভাংচুর করেছে।

পরে সকাল ১০ টার দিকে শ্রমিকরা মিছিলসহ নাবিস্কো মোড়ে গার্মেন্টস সামগ্রী উৎপাদনকারী নাসা গ্র“পের কর্পোরেট কার্যালয়ে হামলা চালায়। বিক্ষুব্ধ শ্রমিকরা কার্যালয়ের সামনে রাখা ৬ টি প্রাইভেটকার, ৩ টি মাইক্রোবাস এবং একটি ডেলিভারি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তারা কার্যালয়ের কম্পিউটার ও ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তোজিত শ্রমিকদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠির আঘাতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। 

হামলাকারীদের বাধা দিতে গিয়ে কার্যালয়ের নিরাপত্তারক্ষীসহ ১০ কর্মকর্তা--কর্মচারী আহত হয়েছেন বলে নাসা গ্র“পের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করেছে।   

পদ্মা গার্মেন্টসের তিন শ্রমিক নিহত হওয়ার গুজবের ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। আমরা অনুসন্ধান চালিয়ে এর কোন সত্যতা খুঁজে পাইনি। 

এছাড়া বুধবার দুপুরে গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি দলের একটি প্রতিনিধি দল কারখানা পরিদর্শন ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে অভিযোগের কোন সত্যতা পায়নি বলেও তিনি দাবি করেন।        

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, তিন শ্রমিক মারা যাওয়ার ঘটনা নিছকই গুজব। এটা শ্রমিকরাই ছড়িয়েছে। আসলে কেউ মারা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। নতুন করে শ্রমিক অসন্তোষ ঠেকাতে পদ্মা গার্মেন্টস এবং নাসা গ্রুপের কার্যালয়সহ বিভিন্ন কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিডিআর সদস্য মোতায়েন রয়েছে।