দালাল রাষ্ট্রদূতরা সংবিধান লঙ্ঘনের উসকানি দিচ্ছে : নাজমুল হুদা
সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার বলেছেন, “কয়েকজন দালাল রাষ্ট্রদুত সংবিধান লঙ্ঘন করতে মহাজোটকে উসকানি দিচ্ছে। তাদের কথাবার্তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্বঘোষিত কর্মসূচি উপলক্ষে বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সমাবেশে নাজমুল হুদা বলেন, “যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া এ বিউটেনিস ও ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী পক্ষপাতদুষ্ট হয়ে বক্তব্য রাখছেন। তারা সংবিধান বজায় রাখার কথা না বলে ধ্বংসের কথা বলছেন। আনোয়ার চৌধুরী এদেশের মানুষ। কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদুত হয়ে তিনি এখন বড় ব্রিটিশ হয়েছেন।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “সংবিধান দেশের সর্বোচ্চ আইন। সংবিধান রক্ষা করতে ২২ জানুয়ারিই নির্বাচন করতে হবে।”
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গত নির্বাচনে আওয়ামী লীগ ৫৮ টি আসন পেয়েছিল। এবার ২৫টি পেতো। তাই তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।”
ফোরামের সদস্যসচিব শাহ খসরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এ কে মুজিবুর রহমান, আবদুল ওয়াদেদ খন্দকার প্রমুখ।
