ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন বৈধ: হাইকোর্ট
বিচারপতি মাহফুজুর রহমানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি মোঃ ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মালিবাগের ব্যবসায়ী মাহবুব মিনহাজের দায়ের করা রিট মামলার ওপর সংক্ষিপ্ত শুনানি করে এই আদেশ দেন।
জনস্বার্থে দায়ের করা এ রিট মামলায় দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে আবেদনকারীরা জানিয়েছেন।
গত ২৭ ডিসেম্বর দায়ের করা এ রিট মামলায় একজন নতুন নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানানো হয়েছিল।
আবেদনের শুনানিতে এ্যাডভোকেট আফসানা বেগম বলেন, সংবিধানের ১১৮(১) অনুযায়ী নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনে কোন প্রধান নির্বাচন কমিশনার নেই। সংবিধানের কোথাও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কশিনার পদের উল্লেখ করা হয়নি।
তিনি শুনানিতে আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানের এ পদে দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন কমিশনের সভা করাসহ কোন কাজই বৈধ নয়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ গত ২২ নভেম্বর তিন মাসের ছুটিতে চলে যান। এর পরদিন ২৩ নভেম্বর নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান কমিশনের সভা ডেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেন।
