২২তারিখের নির্বাচন আগে বাতিল করতে হবে: জলিল
আব্দুল জলিল তিন উপদেষ্টাকে ২২ জানুয়ারীর নির্বাচন বাতিল করার আহবান জানিয়েছেন।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মঙ্গলবার রাতে মহাজোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “আমি উপদেষ্টাদের বলেছি, ২২ তারিখের নির্বাচন বাতিল করতে হবে। না হলে কোনো কাজ হবে না।”
জলিল বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন,সুষ্টু ভোটার তালিকা প্রণয়ন, প্রশাসনকে নির্দলীয়করণসহ মহাজোটের দাবি বাস্তবায়নের জন্য উপদেষ্টাদের প্রতি আহবান জানান হয়েছে।
তিনি বলেন,“দাবি বাস্তবায়ন ছাড়া ২২ তারিখের নির্বাচন কীভাবে হয় তাও আমরা দেখবো। জনগণের শক্তিতে নির্বাচন প্রতিহত করা হবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, অবরোধ কর্মসূচী চলাকালে মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলাসহ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হবে। ওইদিন বিকাল ৩টায় ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ হবে।
তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, দিলীপ বড়–য়া, নুরুল ইসলাম ও হাজী আব্দুস সামাদের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানান জলিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর আহমেদ, মেজর (অব.) আব্দুল মান্নান প্রমুখ।
