ছাদ থেকে পড়ে কিশোরের করুণ মৃত্যু
নগরীতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মুনতাসির ইনতেহাদ খান মুন (১৪) নামে এক কিশোর মারা গেছে। সোমবার বিকালে কাজির দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন বে ভিউ গ্রামার স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো। তার পিতা মোসলেম খান একজন ব্যবসায়ী।
জানা গেছে, বিকাল ৩টার দিকে মুন ভিআইপি টাওয়ারের ২০ তলার ছাদে ওঠে। আকস্মিকভাবে সে নিচে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুনরা টাওয়ারটির ১৩ তলার একটি ফ্লাটে বসবাস করত। তবে তার নিচে পড়ে যাওয়ার কারণ জানে না তার পরিবারের সদস্যরা।
কোতোয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই পারভিন আক্তার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
