২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনপুরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

মোহনপুর উপজেলার কেশরহাটে একটি কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশন করা কৌতুককে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতা--কর্মী আহত হয়েছে। হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ছাত্রদল কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পুলিশ সুত্র জানায়, সোমবার বিকেল ৫ টায় উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে মেরিট কোচিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এক  ছাত্র খালেদা জিয়াকে ব্যঙ্গ করে কৌতুক পরিবেশন করলে ছাত্রদল কর্মীরা ক্ষিপ্ত হয়। এটি ছাত্রলীগের কাজ বলে তারা অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেয়। এসময় ছাত্রলীগ নেতা--কর্মীরা বাধা দিলে তাদের বেধড়ক পেটায় ছাত্রদল কর্মীরা।

এতে কেশরহাট পৌর ছাত্রলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, মনোয়ারুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও বুলবুলসহ সাত ছাত্রলীগ নেতা--কর্মী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগও পাল্টা হামলা চালায়। ছাত্রলীগ কর্মীদের পাল্টা হামলায় পৌর ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম ও ছাত্রদল নেতা আলাল হোসেন আহত হয়।

মোহনপুর থানার দারোগা মোজাহার হোসেন ঘটনা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি বলে তিনি জানান।