প্রশাসনের ছয় সচিব পদে রদবদল
সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে প্রশাসনের ছয়জন সচিবের পদে রদবদলের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু মো. মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৬ ডিসেম্বর সংস্থাপন সচিব এ এস এম সোলায়মান চৌধুরীকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করার পর থেকে সংস্থাপন সচিবের পদটি শূণ্য ছিল।
এ ছাড়া মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সচিব ব্যারিস্টার হায়দার আলীকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব একেএম জাফর উল্লাহ খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ এ কে মোতাহার হোসেনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এহসানুল ফাত্তাহকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এএসকে সোলায়মান চৌধুরী গত ৩১ ডিসেম্বর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ায় তার পদে নিয়োগ দেওয়া হয়েছে এ কে মোতাহার হোসেনকে।
