সাতকানিয়ায় ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
দুর্বৃত্তের ছুরিকাঘাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে রোববার ভোররাতে খালেদা আক্তার (২৩) নামে এক গৃহবধূ মারা গেছেন। তার স্বামী মুদি দোকানদার মোহাম্মদ শাহজাহানকেও মারধর করা হয়েছে।
খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তার দেবর মোহাম্মদ জাকারিয়া ও শাশুড়ি নুরজাহান বেগমকে আটক করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমদ জানান, রোববার ভোররাতে মোহাম্মদ শাহজাহান বাথরুম সেরে ঘরে ঢোকার সময় পাঁচ দুর্বৃত্ত তাকে মারধর শুরু করে। স্বামীকে বাঁচাতে খালেদা এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জালাল আহমদ জানান, শাহজাহানের সঙ্গে অনেক দিন ধরে তার ভাই ও মায়ের বিরোধ চলছে। শনিবার সকালেও তাদের মধ্যে একদফা ঝগড়া হয়। এর জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহতের ছোটভাই আবুল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
