২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুরে যুবলীগ কর্মী আবুল কালাম রাজাকে (২৮) সোমবার সন্ধ্যায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহায়তায় শহর বিএনপির সভাপতি শাজাহান শিকদারের ছেলে ছাত্রদল নেতা মোজাম্মেল হক শিপলু, তার সহযোগী মফিজ ও তুহিনকে গ্রেপ্তার করেছে।

রাজার সঙ্গী মহসিনকেও (২৬) গুরুতর জখম করে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইদ্রাকপুর এলাকায় সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা রাজা ও মহসিনকে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় রাজাকে স্বজনরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান জানান, এলাকাবাসীর তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা শিপলু, মফিজ ও তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্ত শেষ হলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে হামলা হতে পারে।

শহরে উত্তেজনা চলছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। রাত ৮টার দিকে রাজার হত্যাকারীদের ফাঁসি চেয়ে শহরে বিক্ষোভ করেছে যুবলীগ।