খুলনায় জমা পড়েছে ৩ শতাধিক অস্ত্র
নির্বাচন উপলক্ষে সারাদেশে বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার খুলনা সদরসহ জেলার ১৪টি থানায় ৩৩৭টি বিভিন্ন ধরনের অস্ত্র জমা পড়েছে। গুলি জমা পড়েছে ৪ হাজার ৮৫৬ রাউন্ড। সবচেয়ে বেশি অস্ত্র ও গুলি জমা পড়েছে নগরীর সদর ও ডুমুরিয়া থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানায় জমা পড়ে ১৩৮টি অস্ত্র। এর মধ্যে একনলা বন্দুক ৩৩টি, দোনলা বন্দুক ৯টি, টুটু বোর রাইফেল ৯টি এবং রিভলবার ৪৬টি। একনলা বন্দুকের গুলি জমা পড়েছে ৬৯৩ রাউন্ড, দোনলা বন্দুকের ৯৮ রাউন্ড, টুটু বোর রাইফেলের ৭৮২ রাউন্ড, পিস্তলের ১ হাজর ৯৬ রাউন্ড এবং রিভলবারের গুলি ৯৩৪ রাউন্ড।
সোনাডাঙ্গা থানায় জমা পড়ে ৫৮টি বিভিন্ন ধরনের অস্ত্র। শনিবার বিকাল পর্যন্ত থানা কর্তৃপক্ষ এই অস্ত্রের ধরণ এবং জমা পড়া গুলির সংখ্যা জানাতে পারেনি।
খালিশপুর থানায় ৩০টি অস্ত্র জমা পড়েছে। এর মধ্যে ৯টি পিস্তল, ১১টি রিভলবার, ৩টি টুটু বোর রাইফেল, ৪টি একনলা বন্দুক, ৩টি দোনলা বন্দুক ও শর্টগান ৩টি। গুলি জমা পড়েছে পিস্তলের ২৭৯ রাউন্ড, রিভলবারের ১১৯ রাউন্ড, টুটু বোর রাইফেলের ২১৯ রাউন্ড এবং একনলা বন্দুকের ৫১ রাউন্ড।
দৌলতপুর থানায় জমা পড়া ২০টি অস্ত্রের মধ্যে রিভলবার ৪টি, পিস্তল ৫টি, একনলা বন্দুক ৮টি এবং টুটু বোর রাইফেল ৩টি। তবে কত রাউন্ড গুলি জমা পড়েছে তা জানায়নি থানা। খানজাহান আলী থানায় জমা পড়ে ১১টি অস্ত্র। এর মধ্যে ২টি পিস্তল, ১টি রিভলবার, ১টি রাইফেল ও ৭টি দোনলা বন্দুক।
দিঘলিয়া থানায় জমা পড়েছে ২টি রিভলবার ও দুইটি দোনলা বন্দুক। বটিয়াঘাটা থানায় ৪টি অস্ত্রের মধ্যে ১টি একনলা বন্দুক, ২টি রিভলবার ও একটি পিস্তল জমা পড়েছে। জমা পড়া গুলির সংখ্যা ১৫ রাউন্ড। তেরখাদা থানায় ৪টি অস্ত্রের মধ্যে ১টি পিস্তল, ১টি একনলা বন্দুক এবং দুইটি দোনলা বন্দুক জমা পড়েছে।
রূপসা উপজেলার ৯টি অস্ত্রের মধ্যে একটি দোনলা বন্দুক, ৫টি একনলা বন্দুক, ১টি পিস্তল ও ১টি রিভলবার জমা পড়েছে। দাকোপ থানায় ৪টি অস্ত্রের মধ্যে ৩টি রিভলবার ও ১টি পিস্তল জমা পড়েছে। এ ছাড়া ২৪ রাউন্ড পিস্তলের গুলি জমা পড়েছে। বয়রা থানায় ২টি একনলা বন্দুক জমা পড়েছে। ফুলতলা থানায় ৩টি রিভলবার ও ৬৭ রাউন্ড রিভলবারের গুলি জমা পড়েছে।
পাইকগাছা থানায় ১৬টি অস্ত্র জমা পড়েছে। ডুমুরিয়া থানায় ৪২টি অস্ত্রের মধ্যে রিভলবার ২টি, পিস্তল ৪টি, একনলা বন্দুক ৩৩টি ও শর্টগান ৩টি। এ ছাড়া ৩৮ রাউন্ড রিভলবারের গুলি ১৪৯ রাউন্ড পিস্তলের গুলি, ২৫০ রাউন্ড বন্দুকের গুলি এবং ৪৬ রাউন্ড শর্টগানের গুলি জমা পড়েছে।
খুলনা জেলা প্রশাসনের জেএম (জেনারেল ম্যাটারিয়াল) শাখার হিসাব অনুযায়ী ১৯৪৮ সাল থেকে ২০০৬ সালের অক্টোবর মাস পর্যন্ত খুলনায় ৯ হাজার ১৭৪টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে রিভলবার ১ হাজার ৬৪০টি, পিস্তল ৮৬৯ টি, সেভেন এম এম ৮৭টি, এইচ এম এম ১২০ টি, নাইন এমএম ২৭টি, পয়েন্ট টুটু বোর রাইফেল ১ হাজার ২৭৫ টি একনলা বন্দুক ৩ হাজার ১২৫টি এবং দোনলা বন্দুক ২ হাজার ২৫টি।
প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে সরকার সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রধারীদের প্রতি ২৬ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের অস্ত্র জমা দিতে বলে। পরে এই সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
