২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসে আগুন, ৪১ জনের প্রাণহানি

কুমিল্লায় চৌদ্দগ্রামের কাছে সুয়াগাজীতে শনিবার দুপুরে  সিএনজি চালিত যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে ৪১ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়।

পুলিশ ও দমকল কর্মীরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে সবগুলো মৃতদেহ পুড়ে যাওয়া বাসটি থেকে বের করে নিয়ে আসে। নিহতদের মধ্যে নয়জন নারী ও ছয়টি শিশু রয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, উদ্ধার করা লাশগুলো পুড়ে কয়লা হয়ে যাওয়ায় সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিল্লার গৌরীপুর থেকে চট্টগ্রামগামী এস আর পরিবহনের বাসটি সুয়াগাজীতে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায়। এসময় এর গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গেই পুড়ে মারা যান বেশিরভাগ যাত্রী। ১০ জনের মতো যাত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়।

উদ্ধার পাওয়া যাত্রীরা সাংবাদিকদের জানিয়েছেন, ৫২ আসনের গাড়িটিতে আরো বেশ কিছু যাত্রী দাঁড়ানো ছিল। 

পুলিশ পুড়ে যাওয়া বাসটি তাদের হেফাজতে নিয়েছে।