২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহসনের নির্বাচন ঠেকাতে মহাজোট রাজপথে থাকবে : ইইউ মিশনকে নেতৃবৃন্দ

প্রহসনের নির্বাচন প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে মহাজোট রাজপথে থাকবে বলে চট্টগ্রামের জোট নেতৃবৃন্দ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে সাফ জানিয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 08:57 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

নগরীতে শুক্রবার বিকেলে মিশনের দুই সদস্যের সঙ্গে মত বিনিময়কালে তারা একথা জানিয়ে দেন। 

ইইউ প্রতিনিধিরা মহাজোটের নির্বাচন বর্জন ও অন্য কোনো শর্তে নির্বাচনে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা - সেসব বিষয়ে জানতে চান। একতরফা নির্বাচন প্রতিহত করার আন্দোলন চলাকালে সহিংসতা ছড়িয়ে পরতে পারে কিনা -- সে সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন ইইউ’র দুই সদস্য- ডারস টমাস রাসেনকি ও মাইকেল লিডায়ার।

মোমিন রোডে মহাজোটের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একঘন্টার মতবিনিময় সভায় জোট নেতৃবৃন্দ ইইউ প্রতিনিধিদের বলেন, প্রহসনের নির্বাচন প্রতিহত করার জন্য মহাজোট রাজপথে থাকলেও আন্দোলন হবে শান্তিপূর্ণ। মতবিনিময় সভা শুরু হয় বিকেল তিনটায়।

মহাজোট নেতারা বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্যই মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়ায় মহাজোট নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে। একটি দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কিছুতেই প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না।

তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের পদত্যাগ, সঠিক ভোটার তালিকা তৈরি ও নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলেই কেবল মহাজোট নির্বাচনে যাবে,অন্যথায় নয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র মহাজোটের বিভাগীয় সমন্বয়কারী এবিএম মহিউদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, মহানগর এলডিপির আহবায়ক একরামুল করিম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান আলম শেঠ, ওয়ার্কার্স পার্টির এটিএম নিজাম উদ্দিন প্রমুখ।

ইইউর দুই সদস্য ডারস টমাস রাসেনকি ও মাইকেল লিডায়ার পরে সাংবাদিকদের বলেন, আগামী ২২ জানুয়ারির নির্বাচনের পরও তারা চট্টগ্রামে অবস্থান করবেন। এ সময় তারা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

তারা জানান, “বাংলাদেশের ৬ টি বিভাগে ইইউ মিশনের ৬ টি দল ডিসেম্বর থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ঢাকায় ফিরে এই ৬টি দলের পর্যবেক্ষণ রিপোর্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।” 

শনিবার তারা বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।