ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়েছে।
মালিবাগের ব্যবসায়ী মাহবুব মিনহাজের দায়ের করা এ রিট মামলায় একজন নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানানো হয়েছে।
বিচারপতি মো: আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী ১০ জানুয়ারি রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনে কোন প্রধান নির্বাচন কমিশনার নেই। সংবিধানে কোথাও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের পদের উল্লেখ করা হয়নি। একইসঙ্গে বেতন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়ারও বিধান নেই।
আবেদনে আরো বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানের এ পদে দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা, নির্বাচন কমিশনের সভা করাসহ কোনো কাজই বৈধ নয়। কারণ তার এসব কাজ করার এক্তিয়ার নেই।
আবেদনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানকে প্রতিপক্ষ করা হয়েছে।
আবেদনকারীর পক্ষে গত ২৭ ডিসেম্বর মামলাটি করেছেন এডভোকেট আফসানা বেগম। মামলাটি পরিচালনা করবেন এডভোকেট এস এন গোস্বামী।
প্রসঙ্গত: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ গত ২২ নভেম্বর তিন মাসের ছুটিতে চলে যান।
এর পরদিন ২৩ নভেম্বর নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান কমিশনের সভা ডেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহন করেন।
